দেশে হামে নতুন করে ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের উপসর্গ ১১৬৬ জনের মধ্যে
- পোষ্ট টাইম : 2026-05-03 18:00:39
- 15095 বার পঠিত
দেশে হামের বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামে ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত সংস্থাটির হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
মৃত্যুর আঞ্চলিক হিসাব অনুযায়ী, বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রামে ১ জন, ঢাকায় ৪ জন, খুলনায় ১ জন এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে। আর যেই শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছিল, সে ঢাকায় মারা যায়।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫০ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।
একই সময়সীমায় ৪০ হাজার ৪৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৮১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে ২৪ হাজার ৯০ শিশু বাড়ি ফিরেছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বাড়ানো এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
