১৭ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া।
- পোষ্ট টাইম : 2026-08-05 17:27:02
- 2850 বার পঠিত
রামগঞ্জ প্রতিনিধিঃ মোঃ আব্দুর রহিম
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলন এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অসংখ্য নেতাকর্মী নির্যাতন, হামলা-মামলা, কারাবরণ ও আত্মত্যাগের শিকার হয়েছেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা আরও বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের স্বপ্ন বাস্তবায়ন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
আলোচনা সভা শেষে জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শহীদদের স্মরণ, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং দলীয় ঐক্যকে আরও সুসংহত করার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়।
